জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

রাজশাহীর সদর ২ আসনের প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। রাজশাহীতে তিনিই সবচেয়ে তরুণ প্রার্থী। তরুণ প্রার্থী হিসেবে তিনি তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নির্বাচনী মাঠে তার অবস্থান শক্ত হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বীরা তাকে নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্র করছে। তাকে এবং তার দলের নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। শহীদ ওসমান হাদীর মতো তাকেও নির্বাচনী মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আবেদনে সাঈদ নোমান জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।

কার কাছ থেকে কী ধরনের হুমকি পাচ্ছেন -এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তার ভাষ্য, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরই বিষয়টি স্পষ্ট হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, এবি পার্টির প্রার্থীর কাছ থেকে নিরাপত্তা-সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। পাশাপাশি নির্দিষ্ট হুমকির তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

-মো. গোলাম কিবরিয়া,রাজশাহী