গাজার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং সীমিত পরিসরে পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ক্রসিংটি ফিলিস্তিনি গাজা উপত্যকার সঙ্গে মিসরের সংযোগ স্থাপন করে এবং এটি গাজার একমাত্র সীমান্তপথ, যা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত নয়।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর সোমবার ক্রসিংটি পুনরায় চালু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে ‘যুদ্ধবিরতি’ চুক্তি হয়, তার দ্বিতীয় ধাপের আওতায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গত অক্টোবর মাসে এই যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধ হয়। খবর আলজাজিরার
রাফাহ ক্রসিং মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসার জন্য অপেক্ষমাণ রোগীদের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পুনরায় চালু হলেও এর কার্যক্রম সীমিত থাকবে। ইসরায়েল ও মিসর উভয় দেশই যাত্রী চলাচলের ওপর নির্দিষ্ট কোটা আরোপ করবে। পাশাপাশি গাজায় প্রবেশ ও প্রস্থানকারী ফিলিস্তিনিদের ওপর কঠোর নিরাপত্তা তল্লাশি চালাবে ইসরায়েল।
গত সপ্তাহে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্রসিংটি পুনরায় খোলার ঘোষণা দেওয়ার পর মিসরের অংশে একাধিক অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে অবস্থান নিতে দেখা গেছে। এসব অ্যাম্বুলেন্স গুরুতর অসুস্থ ও আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে সরিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছে।
রয়টার্স বার্তা সংস্থার বরাতে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় পর্যবেক্ষক দল ইতোমধ্যে রাফাহ ক্রসিংয়ে পৌঁছেছে।
-বেলাল হোসেন










