রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হানিফ খাঁন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। তিনি বর্তমানে হাতিরঝিল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী পথচারী কামরুজ্জামান জানান, হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কয়েকজন পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
-এমইউএম










