তুরস্কের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস উল্টে গিয়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন জানিয়েছেন, তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
ডিএইচএ সংবাদ সংস্থা জানায়, আনতালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় আরও সাতজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন।
গভর্নর জানান, তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশে যাওয়া ৩৪ যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে উল্টে গেছে। তবে এতে কোনো বিদেশি নাগরিকের উপস্থিতি ছিল কি না, তা স্পষ্ট করেননি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তবে মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিলও ছিল।
আনতালিয়া ও তার উপকূলীয় অঞ্চল বছরের পর বছর ধরে পর্যটকদের জন্য জনপ্রিয় অবকাশ কেন্দ্র, যেখানে প্রতিবছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।










