গণতন্ত্রের সবচেয়ে সংবেদনশীল সময়ে সত্য, নৈতিকতা ও দায়িত্ববোধকে আরও শাণিত করতে দিনাজপুরে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত সততা ও সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করে।
সমাপনী দিনে ১ ফেব্রুয়ারি রোববার দুপুরে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মোঃ সাদেক আলী। তিনি বলেন, “নির্বাচনের সময় সাংবাদিকদের একটি দায়িত্বশীল প্রতিবেদনই পারে গণতন্ত্রকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে।”
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক মোঃ সাদাকাত আলী খানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, ইউনেস্কো বাংলাদেশ-এর প্রজেক্ট লিড (মিডিয়া অ্যান্ড ইলেকশন) শাকিল এম ফয়সাল এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং দ্য ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।
এই প্রশিক্ষণ শুধু একটি কর্মশালা নয়—বরং এটি ছিল সত্যের পথে অবিচল থাকার, গণতন্ত্রের পক্ষে কলমকে আরও সাহসী করে তোলার এক নীরব শপথ।