রাজধানীতে শিক্ষার্থীসহ দুজনের লাশ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুরের মধ্যে তাদের মৃত্যুর তথ্য পায় পুলিশ। তাদেরকে হত্যা করা হয় না অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয় তার তদন্ত চলছে।

নিহতরা হলেন- স্কুলশিক্ষার্থী মো. রনি (১০) ও চা দোকানের কর্মচারী মো. মানিক (২৬)।

তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহতদের মধ্যে রনি যাত্রাবাড়ী ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জানিয়ে তার বাবা নুর আলম বলেন, তার ছেলে রনির লাশ নিজ বাসার ‘বাথরুম’ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তাদের বাড়ি নোয়াখালী চাটখিল থানার শিবপুর এলাকায়।

বর্তমানে যাত্রাবাড়ী পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি।তিনি বলেন, বাথরুমের ভেতর গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার ছেলেকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ওয়ারী থেকে উদ্ধার হওয়া চা দোকানের কর্মচারী মানিকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল বলেন, গত শনিবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে মাফলার প্যাঁচানো অবস্থায় মানিকে লাশ উদ্ধার করা হয়।

তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে না অন্য কোনো কারণে তার মৃত্যু হয় তার তদন্ত চলছে। নিহত মানিকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাকশিলা সরকার বাড়ি। বাবার নাম ইউনুস সরকার। বর্তমানে ওয়ারী বিসিসি রোড ৩৪/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন তিনি। 
-সাইমুন