সন্দ্বীপে নির্বাচনে নাশকতার আশঙ্কা করছে বিএনপি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৮০ চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) উপজেলায় প্রতিদ্বন্দ্বী দলের প্রতি ইঙ্গিত করে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের সন্দ্বীপে নিয়ে আসা ও তাদের মাধ্যমে নাশকতা সৃষ্টি করাসহ নানা অভিযোগ আনেন সন্দ্বীপ উপজেলা বিএনপি ও ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্দ্বীপ পৌরসভাস্থ তার নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আলমগীর হোসাইন ঠাকুর আরো বলেন, জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার তাকে উদ্দেশ্য করে বিভিন্ন মিডিয়ায় মনগড়া ও ভিত্তিহীন কল্প কাহিনী প্রচার করছে যা ভিত্তিহীন। তিনি বলেন, সন্দ্বীপে নির্বাচনী মাঠে ধানের শীষের জোয়ারকে ঠেকানোর জন্যে নাশকতার ছক কষা হচ্ছে এবং এ লক্ষ্যে মহল বিশেষ বহিরাগতদের ব্যবহারের নীলনকশা আঁকার সন্দেহ পোষণ করছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক নিঝুম খান।

তিনি বলেন, সন্দ্বীপে বিএনপি প্রার্থী সাবেক ৩ বারের এমপি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা আপামর ভোটারদের মাঝে ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত দেখে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র শুরু করেছে।
-সাইমুন