জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শীতকালে বিদেশ থেকে অতিথি পাখি আসে। “একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।”
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, “একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কী করবে সেই বিষয়ে কিছু বলে না। বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন। এজন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ভোটটা তাকেই দেন যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। দুর্নীতিবাজ মুক্ত, আধিপত্যবাদবিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে ভোট দিতে আহ্বান করছি।”
এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, মাহিন সরকার, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
-এমইউএম










