কেবলমাত্র পাঁচদিন দূরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু ভারতের ও শ্রীলঙ্কার মাটিতে। তবে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
সূত্র জানিয়েছে, সোমবার ঘোষণা হওয়ার কথা থাকলেও আজই (রোববার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত জানা যেতে পারে। একই সঙ্গে, বিশ্বকাপে না খেলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, আজ সন্ধ্যা ৬টায় পিসিবি সভাপতি মহসিন নাকভি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বৈঠক করবেন। সেখানে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে, ‘মেন ইন গ্রিন’রা আইসিসির মেগা ইভেন্টে অংশ নেবে কি না। এর আগে পাকিস্তান “অনিবার্য কারণে” বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিতের ঘোষণা দেয়।
এদিকে, বিশ্বকাপে না খেলার পরিস্থিতি তৈরি হলে চারটি দলের অংশগ্রহণে লাহোরে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এতে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলসহ ক্রিকেটারদের চারটি দলে ভাগ করা হবে। উল্লেখ্য, একই রকম উদ্যোগ আগে বাংলাদেশও নিয়েছিল; বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন দলের অংশগ্রহণে ৫ ফেব্রুয়ারি থেকে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছে, যার প্রাইজমানি আড়াই লাখ টাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তার শুরু হয়েছিল আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের কারণে কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে বাদ দেয়। বিষয়টি নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। তাদের দাবি ছিল, বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
এ অবস্থায় পাকিস্তানও বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল। কয়েক সপ্তাহ ধরে চলা এই নাটকীয়তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাখা হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজের হাতে, যা আজ ঘোষণা হতে পারে।
-এমইউএম










