সুনামগঞ্জে পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে পোস্টাল ব্যালট বাক্স বন্ধ (লক) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৪৩টি পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়। এর মধ্যে সুনামগঞ্জ–১ আসনে ৯টি, সুনামগঞ্জ-২ আসনে ৪টি, সুনামগঞ্জ-৩ আসনে ৮টি, সুনামগঞ্জ-৪ আসনে ৯টি এবং সুনামগঞ্জ–৫ আসনে ১৩টি ব্যালট বাক্স অন্তর্ভুক্ত রয়েছে। কার্যক্রমে সংশ্লিষ্ট আসনের বিভিন্ন প্রার্থীর এজেন্টরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পাঁচটি আসনে মোট পোস্টাল ভোটার সংখ্যা ১৮ হাজার ৮৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জ-২ আসনে ১ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ–৩ আসনে ৩ হাজার ২১৮ জন, সুনামগঞ্জ–৪ আসনে ৩ হাজার ৭৮৬ জন এবং সুনামগঞ্জ–৫ আসনে সর্বোচ্চ ৫ হাজার ৫৫৯ জন পোস্টাল ভোটার রয়েছেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আজ বিকাল কিংবা আগামীকাল থেকে পোস্টাল ব্যালট গ্রহণ শুরু করা হবে। সে লক্ষ্যে আমাদের কার্যালয়ের একজন সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এজেন্ট ও প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো লক করা হয়েছে, যাতে কোনো ধরনের টেম্পারিংয়ের সুযোগ না থাকে।
তিনি আরও জানান, ভোট গণনার দিন বিকেল সাড়ে চারটার পর প্রত্যেক আসনের একজন এজেন্টের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বাক্স খোলা হবে। সেখানে গণনাকারী, পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার উপস্থিত থাকবেন। গণনার সময় ব্যালট স্ক্যান করে লাইভ যাচাইয়ের মাধ্যমে ভোটগুলো আলাদা করে গণনা করা হবে।
মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ