তফসিল ঘোষণার পর যৌথ অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অবৈধ অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময় ১ হাজার ৭৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ১১ ডিসেম্বর থেকে রবিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনি পরিবেশ নিরাপদ রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা, সন্দেহভাজন এলাকায় বিশেষ অভিযান এবং গোয়েন্দা তথ্যভিত্তিক তৎপরতা জোরদার করছে। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-এমইউএম