আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের আট বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী তাঁদের নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
পদায়ন অনুযায়ী ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ জন করে, বরিশাল ও রংপুর বিভাগে ৩ জন করে, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তাঁর আওতাভুক্ত এলাকার চাহিদা অনুযায়ী পদায়ন করবেন। পদায়নের পর তাঁদের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে যোগদান ও রিপোর্ট করতে হবে।
এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়মিত অবহিত রাখতে হবে এবং প্রতিদিন নির্ধারিত ছকে পরিচালিত কার্যক্রমের তথ্য জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।