দিনাজপুরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ যাত্রী আহত

দিনাজপুরের হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকায় রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে দুই জন গুরুতরসহ অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার ৩ ঘণ্টা পর সকাল পৌনে ১১টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন ছেড়ে হিলির দিকে যাচ্ছিল। হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগির হুক (সংযুক্তকারী অংশ) ছুটে যায় এবং বগিটি সামান্য লাইনচ্যুত হয়। এসময় বিকট শব্দে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পার্বতীপুর রেলওয়ে থানার ইনচার্জ জুলফিকার আলী এবং হিলি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সময় আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন যাত্রী লাফিয়ে নিচে নামেন। এতে ৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের কারিগরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করে হিলি রেলওয়ে স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এরপর সকাল পৌনে ১১টার দিকে এই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় বিরামপুর, হিলি ও পার্শ্ববর্তী স্টেশনগুলোতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে, এতে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
– শাহজালাল, দিনাজপুর