আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর বিভাগে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে চার জেলায় প্রায় তিন হাজার সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় স্থাপিত বিজিবি চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান বলেন, বিজিবি রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা—এই চার জেলায় মোট ২৬টি বেজ ক্যাম্পে ৭৪টি প্লাটুন মোতায়েন রয়েছে। এসব প্লাটুন নির্বাচনী এলাকায় মোবাইল টহল, চেকপোস্ট পরিচালনা, তল্লাশি এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করবে।
৬০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
এস এম শফিকুর রহমান বলেন, চার জেলায় মোট ২ হাজার ৫৭২টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৬০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ফোর্স মোতায়েনের প্রস্তুতি রাখা হয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচনী এলাকাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে।’
প্রযুক্তিনির্ভর নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান। বিজিবি ব্যবহার করছে ড্রোন, বডিওর্ন ক্যামেরা ও সিসিটিভি নজরদারি ব্যবস্থা।
এর মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি মনিটর করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে।ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। পাশাপাশি নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
সীমান্তেও সতর্ক অবস্থান
লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান জানান, শুধু নির্বাচনী এলাকা নয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বা নাশকতামূলক কার্যক্রম ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে র্যাপিড অ্যাকশন ও কুইক রেসপন্স টিম।
তিনি বলেন, ‘বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে যেমন দায়িত্ব পালন করে, তেমনি জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করব।’
জেলা ও উপজেলা পর্যায়ে বিজিবির সমন্বয়ক টিম সার্বক্ষণিকভাবে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে বলেও জানান তিনি। চেকপোস্ট পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
-সাইমুন