মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ইরান আগামী রবিবার থেকে হরমুজ প্রণালিতে দুই দিনের লাইভ-ফায়ার নৌমহড়া পরিচালনার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী মহড়া পরিচালনা করবে। হরমুজ প্রণালি একটি কৌশলগত জলপথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে বৃহৎ নৌবাহিনী মোতায়েন করেছেন এবং ইরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। এরপরই তেহরান এই নৌমহড়ার ঘোষণা দেয়।
ইরানি কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, যে কোনো ধরনের মার্কিন আক্রমণের ক্ষেত্রে তারা দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাবে। তবে তারা একই সঙ্গে জানিয়েছে, ইরান কেবল ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও জবরদস্তি ছাড়া আলোচনার জন্য উন্মুক্ত।
মার্কিন সেনাদের আঞ্চলিক কমান্ড সেন্টকম ইরানকে সতর্ক করে জানিয়েছে, তারা কোনো অনিরাপদ বা অপেশাদারী কৌশল -যেমন যুদ্ধজাহাজের ওপর দিয়ে বিমান ওড়ানো বা স্পিডবোটের ঝুঁকিপূর্ণ কার্যকলাপ—সহ্য করবে না।
সেন্টকম আরও জানিয়েছে, “যেকোনো অনিরাপদ আচরণ সংঘর্ষ ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াবে। মার্কিন বাহিনী সর্বোচ্চ স্তরের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে। ইরানের আইআরজিসিকেও একই মান বজায় রাখতে হবে।”
মার্কিন সামরিক সূত্রে বলা হয়েছে, রবিবার থেকে শুরু হওয়া এই নৌমহড়ায় লাইভ গোলাবারুদ ব্যবহার করা হবে। এ সময় হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের স্বাধীনতা ব্যাহত হওয়া উচিত নয়।
সূত্র: আলজাজিরা
বেলাল হোসেন/










