নির্বাচনে নজরদারি: ১৬ দেশ থেকে আসছেন ৫৭ পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই উপস্থিতি নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল দায়িত্ব পালন করবে। এরপর রয়েছে তুরস্ক। দেশটির ১২ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে পাঁচ জন, জাপান থেকে চার জন, পাকিস্তান থেকে তিন জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে দুই জন করে পর্যবেক্ষক আসবেন। শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে একজন করে পর্যবেক্ষকের অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।
উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।
নির্বাচনি পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগির আরও কয়েকটি দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে।
এদিকে, কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো-আদ্দো। দলে আরও রয়েছেন মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাজি।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এ মিশনে ইইউ পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
-এজাজ আহম্মেদ