দেশসেরা রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী নির্বাচিত রাঙামাটির প্রসেনজিৎ

রাঙামাটির গর্ব প্রসেনজিৎ দেব দেশসেরা দ্বিতীয় রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী জাতীয় পর্যায়ে সংগীতাঙ্গনে এক অনন্য সাফল্য অর্জন করেছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় তিনি রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত উভয় ইভেন্টেই “ঘ” গ্রুপে জাতীয়ভাবে দ্বিতীয় স্থান অর্জন করে সারা বাংলাদেশের মধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

রাঙামাটি জেলা ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা প্রসেনজিৎ দেব এই বিরল কৃতিত্বের মাধ্যমে পাহাড়ি জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। একই বছরে দুইটি ভিন্ন সংগীত শাখায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন, যা সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী।

বর্তমানে তিনি রাঙামাটি সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চা, অধ্যবসায় ও নিষ্ঠার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তার এই অর্জনে রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। শিক্ষক, সহপাঠী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রসেনজিৎ দেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন এবং আশা প্রকাশ করছেন-আগামী দিনে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও দেশের প্রতিনিধিত্ব করবেন। প্রসেনজিৎ দেবের এই সাফল্য রাঙামাটি তথা পুরো চট্টগ্রাম বিভাগের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন।

দর্শন চাকমা, রাঙ্গামাটি