রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর সাংবাদিকের আত্মহত্যার চেষ্টা

রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ডাক বিভাগের সাবেক কর্মী ও সাংবাদিক কামাল হোসেন ওরফে কামাল মালিকের বিরুদ্ধে। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম বাজার এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রওশন আরা চিকিৎসাধীন কামাল মালিকের দ্বিতীয় স্ত্রী। কামাল হোসেন দীর্ঘদিন ধরে রাজশাহীর সানশাইন পক্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে রাজশাহী সংবাদ নামের একটি পত্রিকায়  উপ-সম্পাদক পদে কর্মরত।

পুলিশের জানায়, শুক্রবার সন্ধ্যায় কামাল হোসেন ও তার স্ত্রী রওশন আরা বেগম ভাড়া বাসায় ছিলেন। হঠাৎ প্রতিবেশিরা চিৎকার শুনলেও কিছুক্ষণ পর থেমে যায়। পরে তাদের মেয়ে বাইরে থেকে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ দরজা ভেঙে রওশন আরার মরদেহ ও কামাল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহতের স্বজনরা জানান, কামাল হোসেনের দুই স্ত্রী। তার বড় স্ত্রী রেহেনা এক মেয়েকে নিয়ে বগুড়া থাকেন। ছোট স্ত্রী রওশন আরাকে নিয়ে কামাল রাজশাহীতে থাকতেন। সম্প্রতি কামাল হোসেন ডাক বিভাগের অফিস সহকারীর পদ থেকে অবসরে গেলে পেনশনের টাকার ভাগ নিয়ে দুই স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। টাকা নিয়ে বিরোধে কামাল স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে নিজের হাত কেটে ও ড্যামফিক্স খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, শ্বাসরোধ করে রওশন আরাকে হত্যা করা হয়েছে। কামালের চিকিৎসা চলছে। তার অবস্থা আশংকাজনক।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, পারিবারিক কলহে এ মৃত্যু। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

-সাইমুন