নাইজারে সামরিক ঘাঁটিতে হামলা: ২০ হামলাকারী নিহত, গ্রেপ্তার ১১

ছবিঃ সংগৃহীত

 নাইজারের রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ জন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শনের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ দাবি করেন নাইজারের সামরিক শাসক জেনারেল আবদুরাহমানে তিয়ানি। তিনি হামলার জন্য ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্টকে দায়ী করেন। তবে এসব দেশ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হামলার দায় কোনো সশস্ত্র গোষ্ঠীও স্বীকার করেনি।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সেখানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী সালিফু মোডি জানান, হামলাটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। পরে আকাশ ও স্থল অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযানে চারজন সেনা সদস্য আহত হন। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিকও রয়েছে।

হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে বলে জানানো হয়েছে।

জেনারেল তিয়ানি এক বিবৃতিতে বলেন, “আমরা তাদের হুমকি শুনেছি, এখন তারা আমাদের শক্তির জবাবের জন্য প্রস্তুত থাকুক।”

ঘাঁটি রক্ষায় সহায়তার জন্য তিনি রুশ সেনাদের ধন্যবাদ জানান। রাশিয়া বর্তমানে নাইজারে আল-কায়েদা ও আইএসআইএস–সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা দিয়ে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করার পর জেনারেল তিয়ানির নেতৃত্বে দেশটি পরিচালিত হচ্ছে। পরে নাইজার, মালি ও বুরকিনা ফাসো মিলে ‘আলাইয়েন্স অব সাহেল স্টেটস’ গঠন করে। তবে দীর্ঘদিনের বিদ্রোহ ও সহিংসতায় এই তিন দেশে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বেলাল হোসেন/