বনগাঁর একটি বাৎসরিক অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাটি বর্তমানে আইনি জটিলতায় মোড় নিয়েছে। ঘটনার সূত্রপাত হয় গত রবিবার, যখন মিমির অনুষ্ঠান চলাকালীন নয়াগোপালগঞ্জ যুবক সংঘের কর্মকর্তা তনয় শাস্ত্রী আচমকা মঞ্চে উঠে গান বন্ধ করে দেন এবং তাকে মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য করেন।
মিমি এই ঘটনায় হেনস্তার অভিযোগ তুলে বনগাঁ থানায় মামলা দায়ের করলে পুলিশ তনয় শাস্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের পরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তনয় এবং সেখান থেকেই অভিনেত্রীকে ‘ছেড়ে দেবেন না’ বলে হুমকি দেন।
অন্যদিকে, ক্লাব কর্তৃপক্ষের দাবি ভিন্ন। তাদের বক্তব্য অনুযায়ী, রাত ১২টার সময়সীমা এবং পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই নিয়মমাফিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছিল। মিমি এক ঘণ্টা দেরিতে পৌঁছানোয় এই বিপত্তি ঘটে বলে তাদের দাবি। তবে মিমি এই পুরো বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তার মতে, ওই ব্যক্তিকে ইতোমধ্যেই প্রয়োজনের তুলনায় বেশি ‘ফুটেজ’ দিয়ে ফেলা হয়েছে। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত চালাচ্ছে।
বিথী রানী মণ্ডল/









