কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ আদৌ লাভজনক হবে কি না এ প্রশ্ন ঘিরে উদ্বেগ বাড়ায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বড় ধাক্কা লেগেছে। এর অংশ হিসেবে মাইক্রোসফটের শেয়ারের দাম একদিনেই প্রায় ১২ শতাংশ কমে গেছে, যা ২০২০ সালের মার্চের পর সর্ববৃহৎ অন্তর্বর্তী পতন।
ওয়াল স্ট্রিটে লেনদেন শুরুর পর দিন শেষে মাইক্রোসফটের শেয়ার ১২ শতাংশ নিচে নামার পথে রয়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য থেকে প্রায় ৪০০ বিলিয়ন ডলার উবে গেছে।
বুধবার প্রকাশিত আয় প্রতিবেদনে মাইক্রোসফট জানায়, তাদের ক্লাউড কম্পিউটিং সেবা আজুর (Azure)-এর প্রবৃদ্ধি ধীর হয়ে এসেছে। একই সঙ্গে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মূলধনী ব্যয় আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৩৭.৫ বিলিয়ন ডলারে।
মাইক্রোসফট পূর্বাভাস দিয়েছে, জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে আজুরের প্রবৃদ্ধি ৩৭ থেকে ৩৮ শতাংশের মধ্যে স্থিতিশীল থাকবে। তবে ২০২৫ সালের শেষ প্রান্তিকে এ প্রবৃদ্ধি কিছুটা কমে যায়, যার পেছনে এআই চিপ সরবরাহ সংকটকে দায়ী করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ওয়াল স্ট্রিট কম ব্যয় ও দ্রুত এআই থেকে আয় দেখতে চাইলেও বাস্তবে ব্যয় বাড়ছে এবং আয় আসতে সময় লাগছে। ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস বলেন, “এটি বহু বছরের যাত্রা। ২০২৬ সাল এআই ও মাইক্রোসফটের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।”
ওপেনএআই নিয়ে বাড়ছে চাপ
মাইক্রোসফটের জন্য আরেকটি উদ্বেগের কারণ হলো ওপেনএআই। কোম্পানিটি জানিয়েছে, তাদের ক্লাউড ব্যাকলগের প্রায় ৪৫ শতাংশই ওপেনএআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট। বিনিয়োগকারীদের আশঙ্কা, অলাভজনক এই স্টার্টআপ গতি হারালে প্রায় ২৮০ বিলিয়ন ডলার ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন জানিয়েছে, মাইক্রোসফট ওপেনএআইতে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যদিও প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার।
এদিকে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে বিশ্লেষক সেবাস্টিয়ান ম্যালাবি সতর্ক করে বলেছেন, ওপেনএআই আগামী ১৮ মাসের মধ্যে তহবিল সংকটে পড়তে পারে।
বিনিয়োগ প্রতিষ্ঠান প্যালিও লিয়নের ব্যবস্থাপনা পরিচালক জন প্রাভিন বলেন, “মাইক্রোসফট হতাশ করেছে। এআই বিনিয়োগ সফটওয়্যার কোম্পানিগুলোর লাভ খেয়ে ফেলতে পারে এমন বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে।”
বাজার বিশ্লেষকদের মতে, ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের ঘনিষ্ঠ সম্পর্ক একদিকে তাদের কর্পোরেট এআই নেতৃত্ব শক্তিশালী করলেও, অন্যদিকে তা বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে।
মাইক্রোসফটের পাশাপাশি ওপেনএআইতে বিনিয়োগকারী এনভিডিয়া ও অ্যামাজন-এর শেয়ারও বৃহস্পতিবার লেনদেনের সময় নিম্নমুখী হয়েছে।
সূত্র: আল জাজিরা










