ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে কক্সবাজার ও সিলেট সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার তিনি এই দুই এলাকায় কর্মরত সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সফরকালে সেনাপ্রধান কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র এবং সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেন। এসব সভায় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন সামরিক সচিব, বিভিন্ন ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ ও অন্যান্য বাহিনীর কর্মকর্তারা সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন।
-সাইমুন










