প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আটকে থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। একই প্রক্রিয়ায় বাংলাদেশে আটকে থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও ভারতে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে বাংলাদেশের কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ড থেকে বাংলাদেশের মালিকানাধীন ৫টি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রহণ করে। একই সময়ে ভারতের মালিকানাধীন ২টি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় মৎস্যজীবী ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রম সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।
-এমইউএম










