মোটরসাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে গণসংযোগে নেমেছেন ভোলা-১ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রচার-প্রচারণার সপ্তম দিনে বুধবার বিকেলে তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এর আগের দিন দিঘলদি এলাকায় তিনি একা মোটরসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর এমন ব্যতিক্রমী প্রচারণায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পার্থর মতো প্রার্থীর এমন ব্যতিক্রমধর্মী প্রচারণা প্রান্তিক ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। গ্রামের অতি সাধারণ ভোটাররা তাকে কাছে পেয়ে অনেকেই নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন তার কাছে।
এ প্রসঙ্গে পার্থ বলেন, নেতাকর্মীরা আমাদের কাছে আসে, কিছু কিছু মানুষ আসে। কিন্তু অধিকাংশ ভোটাররা আমাদের কাছে আসতে পারে না। প্রত্যন্ত অঞ্চলের কোনো ভোটারের সম্ভব না আমাদের কাছে আসা। তাই আমরাই প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেল নিয়ে ভোটারদের কাছে গিয়ে তাদের অসুবিধার কথা শুনতে পারি। মানুষের বেসিক কিছু সমস্যা আছে যা আমাদের কানে আসবে না, যদি আমরা তাদের কাছে না যাই। ভোলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি।
গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ঘুরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, গত ১৭ বছরে দেশ একটি চুরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। ভোলা এর বাইরে না। বরাদ্দ এসেছে আর চুরি করেছে। বরাদ্দ করা হয়েছে, আর একেকটা রাস্তা বছরে তিনবার চারবার করে করা হয়েছে। ভোলার উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখা হয়নি। ফলে রাস্তাঘাটের অবস্থা এখনও অত্যন্ত নাজুক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সরকার গঠন করলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
-সাইমুন









