ভূরাজনৈতিক অস্থিরতার মাঝেই আরও কমেছে মার্কিন ডলারের দাম। এতে বিশ্ববাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সিদ্ধান্তের আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৫,২০০ ডলারের সীমা ছাড়িয়েছে। যা মূল্যবান ধাতুটির দামের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে চলমান উদ্বেগের কারণে মার্কিন ডলার প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। আর ডলার দুর্বল হওয়ার পরই শক্তিশালী হচ্ছে স্বর্ণের অবস্থান।
বুধবার স্বর্ণের দাম প্রথমবার রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়ে যায়। বছরের শুরু থেকে ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স স্বর্ণ দাঁড়ায় ৫২২৪ দশমিক ৯৫ এ। গত এক সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্বব্যাপী রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের জেরে মানুষ এখন ধীরে ধীরে এই মূল্যবান ধাতুটির দিকে অগ্রসর হচ্ছে। এতেই লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। অন্যদিকে কমছে বিশ্বব্যাপী রাজত্ব করা ডলারের মূল্য।
ডলারের মূল্য যথেষ্ট কমেছে কি না, এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ডলারের অবস্থান এখনও চমৎকার পর্যায়ে আছে। ব্যবসায়ীরা তার এই মন্তব্যে ধরে নেন ডলারের বিক্রি বৃদ্ধি পাবে। তবে হয় উল্টো।
ডলার সূচক বলছে, এর আগে বিশ্বের সমজাতীয় ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য ছিল শূন্য দশমিক দুই দুই শতাংশ বেশি, ৯৬ দশমিক এক এক চার। যা এক শতাংশেরও বেশি কমে গেল চার বছরে এখন সর্বনিম্নে। বুধবার এটি দাঁড়ায় ৯৫ দশমিক পাঁচ ছয় ছয়ে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বনিম্নে নামে।
-সাইমুন










