যুক্তরাষ্ট্রের হাতে আটক দুই রুশ নাবিককে মুক্তি দেয়া হয়েছে। ভেনেজুয়েলার ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে উত্তর আটলান্টিক মহাসাগর থেকে ‘মারিনেরা’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দের সময় তাদের আটক করা হয়েছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার এই তথ্য নিশ্চিত করে জানান, মুক্তি পাওয়া দুই নাবিক বর্তমানে রাশিয়ার পথে রয়েছেন।
গত ৭ জানুয়ারি ক্যারিবীয় সাগর থেকে ধাওয়া করে মারিনেরা নামক রুশ পতাকাবাহী জাহাজটিকে জব্দ করে মার্কিন কর্তৃপক্ষ। জাহাজটিতে ২৮ জন ক্রু সদস্যের মধ্যে ১৭ জন ইউক্রেনীয়, ৬ জন জর্জীয় এবং ৩ জন ভারতীয় নাগরিকের পাশাপাশি ২ জন রুশ নাগরিক ছিলেন।
ওয়াশিংটনের দাবি ছিল, জাহাজটি অবৈধভাবে ভেনেজুয়েলার তেল পরিবহন করে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করছিল। রাশিয়ার পক্ষ থেকে এই পদক্ষেপকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয়েছিল।
-সাইমুন










