দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে খেলাধুলার আনন্দে মিলনমেলা

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) পরিণত হয় এক আনন্দঘন ক্রীড়া উৎসবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি আত্মনিয়ন্ত্রণ ও দলগত মানসিকতা গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের সুস্থ জীবনধারার পথে পরিচালিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা একটি মানবিক ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হলে পুরো অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে সমাপ্ত হয়।

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি