নরসিংদীতে ১৬ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

নরসিংদীর সদর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। টোল ফ্রি নম্বর ১০৯–এর মাধ্যমে বাল্যবিবাহের তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাচগাঁও এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নির্দেশনায় কনের বয়স কম হওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বরপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরকার ও ফিল্ড সুপারভাইজার সুমন পাইক। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. শাহ আলম, ইউপি সদস্য আবু তাহের ও নিতিশ চন্দ্র।

অভিযানকালে কনের পিতা তার ভুল স্বীকার করেন এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
বাল্যবিবাহ নিরোধ অভিযানে সহযোগিতা করে মাধবদী থানা পুলিশ ও মেহেরপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

আরিফুল আলম আশিক,শিবপুর নরসিংদী