নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে এক লক্ষ টাকার জাল নোটের বান্ডিলসহ এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি মোঃ ফয়সাল আহমেদ (২৭)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মনির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চৈতন্য বাসস্ট্যান্ডের মাছ বাজার থেকে মাছ কেনার সময় ফয়সাল আহমেদ মাছ ব্যবসায়ী আবুল হোসেনকে এক হাজার টাকার একটি জাল নোট প্রদান করেন। নোটটি নিয়ে সন্দেহ হলে মাছ ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে এক হাজার টাকার নতুন নোটের একটি এক লক্ষ টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। পরে বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জাল নোট চক্রের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরিফুল আলম আশিক,শিবপুর (নরসিংদী)










