বগুড়ায় জাতীয় নির্বাচন: ৭ আসনে ৯৮৩ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সারাদেশের মতো বগুড়াতেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে চলছে ব্যাপক প্রস্তুতি।

আর মাত্র ১৫ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৯৮৩টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৪৭৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারি এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ৩১০টি গুরুত্বপূর্ণ এবং ৪৮৩টি সাধারণ কেন্দ্রেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সূত্র জানায়, অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে দুইজন এবং সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ১৫ থেকে ১৭ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

পুলিশ আরও জানায়, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে বডি-ওয়ার্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়ার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ১৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ২৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪২ জন। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি ২০ হাজার ১৫৬ জন।

বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বলেন, ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে এবং সে অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশ ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

গোলাম রব্বানী শিপন, মহাস্থানগড়/