প্রযুক্তি খাতে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ গড়ার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের প্রযুক্তি খাতকে আধুনিক ও নিরাপদ করতে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিজিটাল পাবলিক অবকাঠামোর সম্প্রসারণ এবং সাইবার সুরক্ষা নিশ্চিতে নতুন অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে একটি স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

আগামী ২৮-৩০ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বুধবার (২৯ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন: উপাত্তের সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট কাঠামো প্রতিষ্ঠা। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং সাইবার হামলা মোকাবিলায় আইনি কাঠামো শক্তিশালী করা। উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করা।

এবারের এক্সপোর মূল প্রতিপাদ্য বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’। এই প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, “বাংলাদেশ এখন আর কেবল প্রযুক্তির ব্যবহারকারী দেশ নয়, বরং উৎপাদক ও উদ্ভাবক হিসেবে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। প্রযুক্তির লক্ষ্য কেবল উৎপাদনশীলতা বাড়ানো নয়, বরং মানুষের জীবন সহজ করা এবং সমাজের বৈষম্য হ্রাস করা।”

তিনি বিশ্বাস করেন, এই উদ্যোগগুলো একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ গড়ে তুলবে, যা দেশের প্রযুক্তিনির্ভর শিল্পায়নকে আরও ত্বরান্বিত করবে। প্রধান উপদেষ্টা তিন দিনব্যাপী এই এক্সপোর সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

লামিয়া আক্তার