মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৫

হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার খামারবাড়ি এলাকা এবং ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। খবর ছিল, উল্লেখিত এলাকাগুলোতে একদল দুষ্কৃতিকারী অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে মাদারীপুর ও ডাসার আর্মি ক্যাম্পের সদস্যরা ৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের ক্যাপ্টেন মাইনুল ইসলাম খান ও লেফটেন্যান্ট মেহতাবের নেতৃত্বে যৌথ অভিযান চালান।

অভিযানে নগদ ২ হাজার ৩০৬ টাকা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ৮টি দেশীয় অস্ত্র, ১টি ডেবিট কার্ড, ১টি পাসপোর্ট, ২টি অবৈধ জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: মাদারীপুর সদর থানার জিকুরহাটি এলাকার সালাম খানের ছেলে সাইফুল ইসলাম (৩৪), একই গ্রামের মনজুর হোসেন খানের ছেলে হান্নান (৪৬), মকবুল শেখের ছেলে শিপন শেখ (৪০), মুজিব খানের ছেলে হানিফ খান (৩৬) এবং ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে শিপন ফকির (৩০)।

সেনাবাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।

-সাইমুন