চীন যুক্তরাজ্যের একাধিক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের মোবাইল ফোন হ্যাক করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, চীনা রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা কয়েক বছর ধরে ডাউনিং স্ট্রিটের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ফোনে অনুপ্রবেশ করেছে।
বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। ঠিক এমন সময়েই স্পর্শকাতর ঘটনার বিষয়টি সামনে আসলো। ২০১৮ সালের পর এটিই হতে যাচ্ছে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর।
প্রতিবেদনে দাবি করা হয়, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে পরিচালিত এই সাইবার অভিযানে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাকের ঘনিষ্ঠ সহকারীরা লক্ষ্যবস্তু ছিলেন। অভিযানের কোডনেম ছিল ‘সল্ট টাইফুন’।
যদিও সরাসরি প্রধানমন্ত্রীরা নিজেরা আক্রান্ত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার হামলা ডাউনিং স্ট্রিটের একেবারে কেন্দ্র পর্যন্ত পৌঁছেছিল।
এদিকে গত বছরের নভেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ সংসদে একটি গুপ্তচরবৃত্তি সতর্কবার্তা জারি করে, যেখানে চীনের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতার হুমকির কথা উল্লেখ করা হয়। এই অভিযোগের বিষয়ে চীনের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে গত মাসে যুক্তরাজ্য সরকার চীনে অবস্থিত দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ ছিল, এসব প্রতিষ্ঠান যুক্তরাজ্য ও তার মিত্রদের বিরুদ্ধে বেপরোয়া ও নির্বিচার সাইবার হামলা চালিয়েছে।
এর প্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন আইন অনুযায়ী হ্যাকিং কার্যক্রমের বিরোধিতা করে এবং একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেয়।
-সাইমুন










