সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণা হবে একসঙ্গে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সঙ্গে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সচিব জানান, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাঁদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই তালিকায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা রয়েছেন। এবার প্রায় ৭ লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোট গণনার পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা পৃথকভাবে করা হলেও দুটি প্রক্রিয়া পাশাপাশি চলবে। তবে পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে। তিনি জানান, সাধারণত প্রতিটি কেন্দ্রে ৩ থেকে সাড় ৩ হাজার ভোটারের জন্য একজন করে রিটার্নিং অফিসার থাকেন। কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার সব ব্যালট একত্রে জেলাভিত্তিক গণনা করা হয়। কোনো কোনো জেলায় ৫-৬টি কেন্দ্রের সমান ব্যালট জমা হতে পারে, যা গণনা করতে একজন রিটার্নিং অফিসারের স্বাভাবিকভাবেই অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির বিষয়ে সচিব আখতার আহমেদ ভোটার ও প্রার্থীদের সরাসরি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ না করে সরাসরি ইসিতে আবেদন করলে সেটি আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় নিষ্পত্তিতে সময় বেশি লাগে। ফলে অভিযোগের গুরুত্ব কমে যায়।” দ্রুত প্রতিকার পেতে ৩০০ আসনের জন্য গঠিত সংশ্লিষ্ট ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং অফিসারের কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অভিযোগের একটি অনুলিপি ইসি সচিবালয়ে পাঠালে কমিশন থেকে তা দ্রুত ফলোআপ করে নিষ্পত্তি করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ইসি সচিব আরও জানান, ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসীদের পোস্টাল ব্যালট গণনার সময়সীমা নির্ভর করবে সেগুলো ঠিক সময়ে পৌঁছানোর ওপর। নির্বাচনী মাঠে বর্তমানে পূর্ণাঙ্গ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বজায় রয়েছে বলেও তিনি দাবি করেন।
লামিয়া আক্তার