আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির নিজস্ব দপ্তরে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তার সঙ্গে রয়েছেন দলের অপর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশনের পক্ষে সিইসির সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপসমূহ এবং নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া ভোটগ্রহণের তারিখ ও পদ্ধতি নিয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা বা দাবি উত্থাপন করা হবে কি না, সেদিকেই এখন সবার নজর।
–লামিয়া আক্তার










