কুশোডাঙ্গায় বিএনপির জনসভায় উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে বিএনপির আয়োজনে একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পানিকাউরিয়া হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা–কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে কুশোডাঙ্গা ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবহেলিত সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ, কুশোডাঙ্গা গাছস্কুলে আধুনিক চারতলা একাডেমিক ভবন নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, কলারোয়া একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানকার তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা জরুরি। এ লক্ষ্যে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।

বিএনপির ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি ভাতা ও উৎপাদন সহায়তা বাড়ানো হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন এবং সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী মিজানুর রহমান মিজান।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, বর্তমান সভাপতি এম ও হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভা উপলক্ষে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বলেন, কুশোডাঙ্গাসহ কলারোয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিই একমাত্র বিকল্প রাজনৈতিক শক্তি।

মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা/