ভিয়েতনামে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান শীর্ষ নেতা তো লাম। শুক্রবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দলের পঞ্চবার্ষিক কংগ্রেসে তাঁকে আগামী পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়। তাঁর এই পুনর্নির্বাচনে অভিনন্দন জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম ও চীনের সম্পর্ককে ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন কৌশলগত সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, তো লামের পুনর্নির্বাচন বিদেশি বিনিয়োগকারীদের জন্যও ইতিবাচক বার্তা দিচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ভিয়েতনামের বিনিয়োগবান্ধব ভাবমূর্তি বজায় রাখতে সহায়ক হবে।

চীন বর্তমানে ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও দক্ষিণ চীন সাগর নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। তবে দলীয় পর্যায়ে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার কৌশল অব্যাহত রেখেছে দেশ দুটি। খবর রয়টার্স ও আলজাজিরা।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, সমাজতান্ত্রিক নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে ভিয়েতনাম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান ও প্রভাব বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। শি জিনপিং আরও জানান, দুই দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে কৌশলগত যোগাযোগ জোরদার, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বাস্তবায়নে তো লামের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার কথা উল্লেখ করেন শি।

এদিকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ১৮০ সদস্যের সবাই তো লামের পক্ষে ভোট দেন বলে দলীয় বিবৃতিতে জানানো হয়েছে। ফলে দেশটির সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক পদে আরও পাঁচ বছর বহাল থাকছেন ৬৮ বছর বয়সী এই নেতা। ২০২৪ সালের শেষ দিকে মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন তিনি। তাঁর নেতৃত্বে আটটি মন্ত্রণালয় ও সরকারি সংস্থা বিলুপ্ত করা হয়েছে এবং প্রায় দেড় লাখ সরকারি পদ কমানো হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযানে অবকাঠামো, বিদ্যুৎ ও রেল খাতে বড় প্রকল্প গ্রহণ করেছে দেশটির সরকার। কংগ্রেসে দেওয়া ভাষণে তো লাম ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি ধরে রাখার লক্ষ্য ঘোষণা করেন।

-সাইমুন