দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার এ দেশীয় কাঁচামাল ব্যবহার করে গ্রামীণ অবহেলিত নারীদের হাতে তৈরি বাস্কেট, পাটের পাপস, জুট ব্যাগসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প পণ্য এখন রপ্তানি হচ্ছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। এই রপ্তানি কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাফ ক্র্যাফট এন্ড ফ্যাশন।
ঘোড়াঘাট থানার রানীগঞ্জ এলাকার নারী উদ্যোক্তা মোছাঃ ফারজানা ববি (লিজা)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত মাফ ক্র্যাফট এন্ড ফ্যাশন বর্তমানে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হস্তশিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। কারখানাটিতে বর্তমানে ৫০ জনের অধিক নারী ও পুরুষ কর্মী কাজ করছেন, যাদের অধিকাংশই স্থানীয় গ্রামীণ নারী।
দেশীয় কাঁচামাল যেমন- পাট, সিগ্রাস, রিভারগ্রাস, ধানের খড়, খেজুর পাতা ও প্রাকৃতিক ফাইবার ব্যবহার করে পরিবেশবান্ধব বাস্কেট, ব্যাগ, পাটের পাপসসহ নানা ধরনের হস্তশিল্প পণ্য উৎপাদন করা হচ্ছে। এসব পণ্য ইতোমধ্যে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য প্রতিষ্ঠানটির রয়েছে সকল প্রয়োজনীয় আন্তর্জাতিক সনদ— BSCI, Sedex, ISO 9001, ISO 14001। এছাড়াও দেশীয় পর্যায়ে বাংলাক্র্যাফট, ইপিবি (Export Promotion Bureau), এক্সপোর্ট লাইসেন্সসহ প্রয়োজনীয় সকল নিবন্ধন ও অনুমোদন থাকায় রপ্তানি কার্যক্রম সহজ ও গতিশীল হয়েছে।
কারখানার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আধুনিক Sprinkler Fire Safety System স্থাপন করা হয়েছে, যা যেকোনো অগ্নিকাণ্ডের ঝুঁকি দ্রুত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।
এই উদ্যোগের ফলে এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ জানান, এই কারখানার মাধ্যমে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হচ্ছেন এবং পরিবার ও সমাজে আর্থিকভাবে অবদান রাখতে পারছেন, যা সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। কারখানার কর্মকর্তা মাহাবুব আলম রাজু বলেন, মাফ ক্র্যাফট এন্ড ফ্যাশন আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স, কোয়ালিটি কন্ট্রোল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং আধুনিক ফায়ার সেফটি সিস্টেম থাকার কারণে আমরা খুব সহজেই বিদেশে পণ্য রপ্তানি করতে পারছি। এটি শুধু একটি কারখানা নয়, এটি নারী ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নের একটি টেকসই মডেল।