নবাবগঞ্জে একসঙ্গে ৩০ হাজার মানুষের আহার

ঢাকার নবাবগঞ্জে শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন ও শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠানের শেষদিনে একসঙ্গে আহার করেছেন প্রায় ৩০ হাজার মানুষ। শুক্রবার নতুন বান্দুরা হালদারপাড়া বারোয়ারী (বড়) কালী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকাবাসী জানান, প্রতিবছরই অনুষ্ঠানের শেষদিন হাজার হাজার মানুষের আহারের আয়োজন করা হয়। যেখানে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও অংশ নেন। এছাড়া পার্টিতে বসে ধনী-গরিব সব শ্রেণির মানুষের একসঙ্গে খাবার খান। কোনো ভেদাভেদ নেই।

আয়োজক কমিটির সদস্য সত্যরঞ্জন হালদার বলেন, এলাকাবাসীর সবার সহযোগিতায় প্রতিবছরই আমরা এমন আয়োজন করি। যেখানে আমাদের পাশে থাকেন অন্য ধর্মের লোকজন। এবারও এর ব্যত্যয় হয়নি। স্থানীয় বাসিন্দা প্রদীপ বণিক বলেন, বান্দুরায় আমরা সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমি প্রতিবছরই মহোৎসবে আমাদের লীলা কীর্ত্তনসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করি।

অনুষ্ঠান চলাকালে উপস্থিত হন ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় তিনি বলেন, দোহার-নবাবগঞ্জে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবার সহাবস্থান। আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে অন্য ধর্মের মানুষ সহযোগিতা করছে সত্যি এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর ও শান্তিপূর্ণ সবার বাংলাদেশ গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কালীপদ মালো মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া প্রমুখ।

-সাইমুন