কড়াইলে ঝটিকা অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর কড়াইল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল (রিভলভার)সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বনানী থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবকের নাম আব্দুস সামাদ (২৫)। বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বনানী থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার কড়াইল জামাই বাজার ঝিলপাড় নরসিংদী পট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি .২২ ম্যাগনাম মিনি রিভলভার উদ্ধার করা হয়।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার আব্দুস সামাদের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

-এমইউএম