অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন সাময়িক বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’-এর অভিযোগে সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে-কে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে গত ১২ আগস্ট ২০২৫ তারিখ থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘ সময় নিখোঁজ বা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা (মামলা নং ১৭০/২০২৫) দায়ের করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলাশ রঞ্জন দে-কে ১২ আগস্ট ২০২৫ তারিখ (যেদিন থেকে তিনি অনুপস্থিত) থেকেই সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য করা হবে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের অনেক সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পলাশ রঞ্জন দে-র ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ ওঠায় এবং দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় কর্মস্থলে না ফেরায় বিভাগীয় তদন্ত শেষে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।
লামিয়া আক্তার