ব্যক্তিগত বার্তা নিয়ে প্রকাশ্য সংঘাতে ট্রাম্প–মাখোঁ

গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনার মধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

মঙ্গলবার ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্ক্রিনশটটি প্রকাশ করেন। পোস্টটির শিরোনাম ছিল—‘ফ্রান্সের পক্ষ থেকে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বার্তা’। স্ক্রিনশটের সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাখোঁর ঘনিষ্ঠ সূত্রগুলো, যদিও বার্তাটি ঠিক কবে পাঠানো হয়েছিল তা স্পষ্ট নয়।

বার্তায় মাখোঁ ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে সিরিয়া ও ইরান ইস্যুতে ঐক্যের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং একসঙ্গে ‘বড় কিছু করার’ আহ্বান জানান।স্ক্রিনশটের থাকা বার্তার শুরুতেই লেখা—‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।’ এরপর তাতে লেখা—‘আমার বন্ধু, সিরিয়ার বিষয়ে আমরা পুরোপুরি একমত। ইরান নিয়ে আমরা বড় কাজ করতে পারি। আমি বুঝতে পারছি না, আপনি গ্রিনল্যান্ডে কী করছেন। চলুন বড় কিছু করার চেষ্টা করি।

ওই ‘বড় পরিকল্পনার’ অংশ হিসেবে মাখোঁ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের পর প্যারিসে জি–৭ দেশগুলোর একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। সেখানে ইউক্রেন, ডেনমার্ক ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর কথাও বলা হয়। পাশাপাশি ট্রাম্পকে প্যারিসে নৈশভোজের আমন্ত্রণ জানান ফরাসি প্রেসিডেন্ট।

গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সরব হলেও সবচেয়ে কড়া অবস্থান নিয়েছেন মাখোঁ। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী বাণিজ্যিক ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাচ্ছেন। এমনকি ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে গ্রিনল্যান্ডে ফরাসি সেনা পাঠানোর সিদ্ধান্তও নিয়েছেন।

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প ফিলিস্তিনের গাজা পরিস্থিতি তদারকির জন্য গঠিতব্য যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ‘শান্তি পর্ষদে’ মাখোঁকে অন্তর্ভুক্ত করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মন্তব্য করেন, খুব শিগগিরই মাখোঁ ক্ষমতা ছাড়বেন এবং তাঁর দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সূত্র:রয়টার্স

-আফরিনা সুলতানা/