চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে থেকে উদ্ধার হওয়া তিন মাস বয়সি শিশুটির পরিচয় তিনদিন পরও পাওয়া যায়নি। বর্তমানে শিশুটি মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন।
শিশুটির চিকিৎসা সংক্রান্ত তথ্য দিয়ে মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিশু তালুকদার জানান, “শিশুটি হাসপাতালে আনার সময় নানা শারীরিক সমস্যায় ভুগছিল। বর্তমানে সে ভালো আছে এবং মুখে দুধ খেতে পারছে। শিশুটির অ্যাকোনড্রোপ্লাসিয়া নামে একটি জন্মগত জেনেটিক রোগ আছে, যার কারণে হাড়ের বৃদ্ধি স্বাভাবিক নয়, হাত-পা ছোট থাকে। আমরা শিশুটিকে সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা করছি।”
শিশুটির পরিবারের সন্ধানও চলছে। ডবলমুরিং থানার সহকারী উপ-পরিদর্শক মো. আসলাম সরকার বলেন, “শিশুটির দেখাশোনার জন্য একজন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পরিচয় শনাক্ত করতে আমরা নিয়ন্ত্রণকক্ষে বিভিন্ন তথ্য সংরক্ষণ করেছি এবং বেতারবার্তাও পাঠানো হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জাম্বুরি পার্কের ফটকের পাশে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী আবদুল মালেক শিশুটিকে খুঁজে পান। শিশুটির পরনে ছিল একটি ডায়াপার এবং নতুন কাঁথা। তখন শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। বর্তমানে সে হাসপাতালের এইচডিইউতে ভর্তি এবং হালিমা নামের এক নারী তার দেখাশোনা করছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটির সুস্থতায় কাজ চালাচ্ছেন।
সাবরিনা রিমি/










