কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বার্ষিক কালীপূজা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার অনুমতি দেয়নি প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে মন্দির চত্বরের প্রধান ফটক তালাবদ্ধ রেখে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ।
খোকসা উপজেলা সদরের কালী দেবীর মন্দিরে শতাব্দীপ্রাচীন এই পূজা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। পূজাকে ঘিরে দীর্ঘদিন ধরে মন্দির প্রাঙ্গণে গ্রামীণ মেলার আয়োজনও হয়ে থাকে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে এ বছর মেলা আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, রোববার মধ্যরাত থেকে প্রধান ফটক বন্ধ রেখে কেবল কালী দেবীর বার্ষিক পূজা শুরু করা হয়। কালীপূজা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস জানান, প্রশাসনের নির্দেশে মেলার মাঠ ফাঁকা রাখতে বলা হয়েছে। সে কারণে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেলা বন্ধ রেখে শুধু পূজার আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা নারায়ণ চন্দ্র মালাকার বলেন, মেলার মাঠে দোকান বসানো নিষেধ করায় মূল ফটক বন্ধ রাখা হয়েছে এবং পূজা সীমিত পরিসরে চলছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, মেলার অনুমতি দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কেন এবার অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে তিনি অবগত নন। তবে মন্দির ও পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।
-আফরিনা সুলতানা/










