শ্রীপুর স্টেশনে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের অফিসিয়াল যাত্রাবিরতি শুরু

গাজীপুরের শ্রীপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের অফিসিয়াল যাত্রাবিরতি আজ ১৮ জানুয়ারি (রবিবার) থেকে শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্থানীয় যাত্রী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে ঢাকা কিংবা ময়মনসিংহের উদ্দেশ্যে যাতায়াত করেন। কিন্তু আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা দীর্ঘদিন ধরে শ্রীপুর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে আসছিলেন।

এই যাত্রাবিরতি চালুর ফলে শ্রীপুর থেকে ঢাকা কিংবা ময়মনসিংহে যাতায়াতকারী চাকরিজীবী ও ব্যবসায়ীরা অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।বাসের তুলনায় ট্রেনের যাত্রা সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন, ট্রেনের টিকিট এখন থেকে অনলাইন ও কাউন্টার—উভয় পদ্ধতিতেই সংগ্রহ করা যাবে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে মাইকিং করে ট্রেনের সঠিক সময় জানিয়ে দেওয়া হচ্ছে।

-মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর)।