পুকুরে মাছের জালে উঠে এলো ককটেলভর্তি ব্যাগ, শ্রীপুরে আতঙ্ক

গাজীপুরের শ্রীপুরে পুকুরে মাছ ধরার জালে উঠে এসেছে ককটেলভর্তি একটি ব্যাগ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে এই ঘটনা ঘটে, যা নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যেভাবে মিলল ককটেলের সন্ধান
স্থানীয়রা জানান, এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মাছ চাষের জন্য পুকুরটি ইজারা নিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি কয়েকজন জেলেকে নিয়ে মাছ ধরতে নামেন। এক পর্যায়ে মাছের সঙ্গে জালে ইট বাঁধা একটি ভারী শপিং ব্যাগ উঠে আসে। জেলেরা কৌতূহলবশত ব্যাগটি খুলতেই ভেতরে সাতটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান।

মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুকুরের ইজারাদার জাহাঙ্গীর আলম জানান, ককটেলের মতো বস্তু দেখতে পেয়েই তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

পুলিশ ও বম্ব ডিসপোজাল ইউনিটের তৎপরতা
শ্রীপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এবং লোকজনকে সরিয়ে দেয়। পরে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সেখানে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এবং সেগুলো নিরাপদে থানায় নিয়ে যায়।

মাওনার চকপাড়া ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, জালে উঠে আসা সাতটি বস্তুই তাজা ককটেল। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হচ্ছে। দু-এক দিনের মধ্যেই বম্ব ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করবে। ককটেলগুলো বর্তমানে থানার নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।”


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক