ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণ করবে: ইউএনও ফাহরিয়া ইসলাম

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। একটি নতুন ও উন্নত বাংলাদেশ গড়তে রাষ্ট্রের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে প্রত্যেক নাগরিককে ত্যাগ স্বীকারের মানসিকতা গড়ে তুলতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ফুলগাজী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ফেনী-১ আসনের আওতাধীন ফুলগাজী উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, আমরা কেউ অন্ধকারে থাকতে চাই না। বিবেককে কাজে লাগিয়ে এমন একটি সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য কাঠামো তৈরি করতে হবে, যার ওপর ভিত্তি করেই ভবিষ্যতে দেশ পরিচালিত হবে। সকলের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এজন্য ভয় বা দ্বিধার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা ও পেশাদারিত্বই হবে প্রধান শক্তি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ভয় দূর করে নিরপেক্ষতার পক্ষে থাকতে হবে। যারা আমাদের একটি নতুন দেশ দিয়েছে, তাদের সুন্দর ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

ইউএনও জানান, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, ফুলগাজী উপজেলায় একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে না।
তিনি আরও জানান, আসন্ন গণভোটে গোলাপি রঙের ব্যালট এবং সাধারণ নির্বাচনে সাদা রঙের ব্যালট ব্যবহার করা হবে, যাতে ভোটাররা সহজেই পার্থক্য বুঝতে পারেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা। সমবায় কর্মকর্তা মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, উপজেলা কৃষি কর্মকর্তা ও ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম এবং ফুলগাজী থানা পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম।

মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠু নির্বাচন আয়োজন, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জহিরুল ইসলাম রাজু, ফেনী