ঘুষ গ্রহণ, সেবা প্রদানে অনিয়ম এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে রাজধানীসহ দেশের চারটি ভিন্ন স্থানে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনভর পরিচালিত এসব অভিযানে খাদ্য গুদাম, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ ও অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
খাদ্য গুদামে অনিয়ম ও চাল জব্দ: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলএসডি খাদ্য গুদামে ঘুষের বিনিময়ে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের অভিযোগে অভিযান চালায় দুদকের একটি টিম। অভিযানে ২০২৫-২৬ অর্থবছরে সংগৃহীত চালের ১৪টি খামাল থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো সিলগালা করা হয়। এছাড়া তল্লাশি চালিয়ে একটি গুদামে ৩ হাজার ৪৫০ কেজি রেকর্ডবিহীন চাল পাওয়া যায়। এই চালের বিষয়ে কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় দুদক টিম তা বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে।
ভূমি অফিসে হয়রানি ও ঘুষ: মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক। সেখানে নামজারি (মিউটেশন) এবং ভূমি উন্নয়ন কর আদায়ে সেবাপ্রার্থীদের কাছে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ ছিল। অভিযান চলাকালে দুদক টিম নামজারির হালনাগাদ তথ্য এবং পেন্ডিং (অনিষ্পন্ন) আবেদনগুলোর তালিকা সংগ্রহ করে। এই তালিকা পর্যালোচনার মাধ্যমে কোনো অসাধু কর্মকর্তা জড়িত কি না তা খতিয়ে দেখা হবে।
হাসপাতালে দুদকের ছদ্মবেশী অভিযান: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্তে ছদ্মবেশে অভিযান পরিচালনা করে দুদক। টিমের সদস্যরা দেখতে পান হাসপাতালের সার্বিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং রোগীদের সরবরাহ করা খাবারের মান অত্যন্ত নিম্ন। দুদক টিম তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা ও পরামর্শ প্রদান করে।
ন্যাশনাল ব্যাংকে মানিলন্ডারিংয়ের তদন্ত: মুন্সিগঞ্জের টংগিবাড়ী শাখায় অস্বাভাবিক বৈদেশিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগে ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। দুদকের টিম সেখান থেকে সংশ্লিষ্ট সন্দেহজনক হিসাব খোলার ফরম ও ব্যাংক স্টেটমেন্টসহ বিভিন্ন রেকর্ডপত্র জব্দ করেছে।
দুদক সূত্র জানিয়েছে, সংগৃহীত সকল নথি ও পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিটি অভিযানের বিষয়ে পৃথকভাবে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।