রংপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ব্ল্যাক রুবেল’ রাজশাহীতে গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুর মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নওশাদ হোসেন রুবেল ওরফে ‘ব্ল্যাক রুবেল’কে (৩৫) গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে রাজশাহী মহানগরীর মতিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

যার বিরুদ্ধে যত অভিযোগ
পুলিশ জানায়, নওশাদ হোসেন রুবেল ওরফে ‘ব্ল্যাক রুবেল’ রংপুর মহানগরীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ১৫টি মামলা রয়েছে। রুবেল দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

যেভাবে গ্রেপ্তার
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, “ব্ল্যাক রুবেলের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মতিহার এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর ‘ব্ল্যাক রুবেল’কে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

মোঃ আশফুল আলম