শামীম ওসমানের সহযোগী আখিল উদ্দিন মেম্বার ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী হিসেবে পরিচিত আখিল উদ্দিন মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
আহত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্তাবলী ইউনিয়নের রুকন এবং ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলার সময় সাইফুল ইসলামের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হামলার ঘটনার পর পুরো বক্তাবলী এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বক্তাবলীবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের অভিযোগ, আখিল উদ্দিন মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এই হামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেও দাবি করছেন তারা।
এদিকে, এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। বক্তাবলীর সাধারণ মানুষ মনে করছেন, দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে।
এই বিষয়ে বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু বকর বলেন আমরা মমলার প্রস্তুতি নিচ্ছি।
মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ।










